সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন সাদেক হোসেন খোকা, রহুল কবীর রিজভী, আবদুস সালাম, সুলতান সালাউদ্দিন, হাবিবুন নবী খান, আমানউল্লাহ আমান, সাইফুল আলম, মীর শরাফত আলী, মোয়াজ্জেম হোসেন, রুহুল কুদ্দুস তালুকদার, আ ম স হান্নান শাহ, খন্দকার মোরাফরফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, শাম্মী আক্তার, বেগম রেহানা আক্তার, নিলুফার চৌধুরী, আন্দালিব রহমান, অলি আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আনিসুর রহমান, আবদুল মতিন, এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, কামরুজ্জামান দুলাল, কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম, রেহানা আক্তার ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৯ এপ্রিল অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সচিবালয়ে গাড়ি রাখার স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ৩ ও ৬ এর ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, বিএনপির ডাকা ওই হরতালে উল্লিখিত আসামিরা জ্বালাও-পোড়াও বিভিন্ন ধরনের বক্তব্য দেন।
সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরে শাহবাগ থানায় মামলা করা হয়।
|